Friday, July 18, 2014

আগামী বিশ্বকাপ শিরোপা হবে আর্জেন্টিনার : মেসি


লিওনেল মেসি কাঁদছিলেন না কারণ ভেতরে তখন রক্তস্নান। এত কাছে এসেও এত দূরের হয়ে যাবে শিরোপাটা, ফাইনাল শেষে বিশ্বাসই হচ্ছিল না আর্জেন্টাইন খুদে জাদুকরের। তবে এখনো নিজের ওপর বিশ্বাস হারাননি মেসি। ব্রাজিলে হয়নি তাতে কী, রাশিয়া থেকে শিরোপাটা নিয়ে ফিরতে চান তিনি। তখন বয়স ৩১ বছর হলেও আর্জেন্টিনার জন্য খেলতে চাইবেন শেষ রক্তবিন্দু দিয়ে। ফেসবুকে ভক্তদের কাছে সেই ইচ্ছার কথা জানিয়ে রাখলেন চারবারের ব্যালন ডি'অর জেতা এ তারকা, 'আবারও বিশ্বকাপের ফাইনালে তুলব আর্জেন্টিনাকে আর তখন জিতব শিরোপাটাও।'
ফাইনালে হারের কষ্টটা এখনো যে পোড়াচ্ছে, রোজারিওতে তিন দিনের ছুটি কাটাতে এসে সেটাও জানাতে ভুললেন না মেসি, 'খুব ভার হয়ে আছে মনটা। কোনো কিছুতেই মন বসাতে পারছি না। এত কাছে গিয়েও এভাবে হারটা আসলে মেনে নিতে পারছি না আমি।' মেসির কাঁধে ভর করে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছলেও যে সময়ে আগুনের ফুলকির মতো জ্বলে ওঠার কথা তখনই নিষ্প্রভ ছিলেন তিনি। তাই জার্মানির একটি দৈনিক লিখেছিল, 'আর্জেন্টিনা সবচেয়ে হতাশাগ্রস্ত দেশ আর মেসি বিশ্বের সবচেয়ে বিষণ্ন মানুষ!' এমনকি মেসির বাবা পর্যন্ত অকপট স্বীকার করে নিয়েছেন, 'ক্লান্তিতে ওর পায়ে ১০০ টনের বোঝা ছিল যেন।'

কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে তেমন কিছু করতে না পারলেও দেশে ফেরার পর হাজার হাজার ভক্ত জয়ধ্বনি তুলেছে মেসির নামে। আজেন্টাইন অন্য খেলোয়াড়দের জন্যও উপচে পড়েছিল তাদের আবেগ, যা দেখে আপ্লুত মেসি। রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর ফাঁকে ফেসবুকে লিখেছেন, 'রাস্তার দুইধারে এত মানুষ যে এভাবে বরণ করে নিতে পারে দলকে, কল্পনাই করিনি। আমরা তো তাদের জন্য কিছুই করতে পারিনি। এই জনসমর্থন আমাকে আর পুরো দলকে নতুনভাবে উজ্জীবিত করেছে। কথা দিচ্ছি পরেরবার আর্জেন্টিনাকে আবারও ফাইনালে তুলব আর দেশের মানুষ যে মঞ্চে আমাদের দেখতে চেয়েছিলেন সেখানেই শিরোপা নিয়ে দাঁড়াব।' এই প্রতিশ্রুতি পোড় খাওয়া এক যোদ্ধার, আর্জেন্টাইনরা তাই আশায় বুক বাঁধতেই পারেন।
মেসির শেষ কয়েকটা ম্যাচ নিষ্প্রভ থাকা আর গোল্ডেন বল পাওয়া নিয়ে সমালোচনা চলছে এখনো। ফাইনালে অতিরিক্ত সময়ে যখন অধিনায়ক হিসেবে সবাইকে তাতিয়ে তোলার কথা তাঁর তখন মেসি ছিলেন গুটিয়ে। খেলোয়াড়দের উজ্জীবিত করার কাজটা করছিলেন সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। সেই মাসচেরানোও পাশে দাঁড়াচ্ছেন মেসির। নিজের শহর সান লরেঞ্চোর সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন, 'মেসির আলোঝলমলে পারফরম্যান্স ছাড়া তো আমরা গ্রুপ পর্বই পার হতে পারতাম না। ওকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এর পুরোটা অযৌক্তিক। ফাইনালে নয়ারকে ফাঁকি দিয়ে নেওয়া মেসির শটটা জালে জড়ালে এত কথা হতো না নিশ্চয়ই।'
বিশ্বকাপ ফাইনালের আগে আলেহান্দ্রো সাবেইয়া জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন জাতীয় দলের কোচ হয়ে থাকতে চান না আর। অথচ আর্জেন্টিনার ২৮ বছর পর ফাইনালে পৌঁছানোর কৃতিত্বটা তাঁরই। তাই নতুন কোচ নিয়োগ দেওয়ার আগে সাবেইয়ার সঙ্গে ফেডারেশনের কর্তাদের কথা বলার অনুরোধ করলেন মাসচেরানো, 'সাবেইয়ার জন্যই এত ভালো একটা বিশ্বকাপ কাটল আমার। পুরো দলকে উদ্বুদ্ধ করেছেন তিনি। আমার মনে হয় নতুন কোচের বদলে সাবেইয়া দায়িত্বে থাকলে বেশি লাভ হবে আমাদের। তাই চাইব কোচ নিয়োগের আগে কর্তারা যেন সাবেইয়াকে বোঝানোর চেষ্টা করেন।

No comments:

Post a Comment