Wednesday, July 16, 2014

ক্যামেরনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২২ জুলাই


ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ জুলাই বৈঠকটি লন্ডনে হবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্রিটিশ সরকারের উদ্যোগে অনুষ্ঠিতব্য গার্ল সামিট-২০১৪তে অংশ নিতে আগামী ২১ জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২২ জুলাই ওই সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানে বাংলাদেশের তরফে চারটি ইস্যু তোলা হবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
ইস্যুগুলোর মধ্যে রয়েছে পাঁচ জানুয়ারির নির্বাচন ও নতুন সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বাংলাদেশকে দেয়া ব্রিটিশ সহায়তা এবং দেশটিতে থাকা বাংলাদেশী বংশোদ্ভূতদের সুযোগ-সুবিধার বিষয়টি।
প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত এক পেশাদার কূটনীতিক বলেন, ‘গার্ল সামিটে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের আগ্রহে ওই সামিটের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকটির সময়ক্ষণ ঠিক হয়েছে।’
সেখানে পাঁচ জানুয়ারির নির্বাচন ও দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে ক্যামেরন কি বলবেন তাই দেখার বিষয় বলে মনে করেন ওই কূটনীতিক।

No comments:

Post a Comment