Friday, March 21, 2014

বিড়ালের পেটে নওয়াজ শরীফের ময়ূর ; তিন পুলিশ কর্মকর্তা বহিষ্কৃত


আন্তর্জাতিক ডেস্ক -
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পোষা প্রিয় ময়ূরটিকে একটি বিড়াল খেয়ে ফেলার চরম মাশুল গুণতে হয়েছে ৩ পুলিশ সদস্যকে। ওই তিনজনকেই দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। লাহোরের অদূরে রাইউয়িন্দে অবস্থিত ফার্ম হাউজে ঘটেছে এ ঘটনা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। 

গত মঙ্গলবার ওই ফার্ম হাউজের লনে বাগানের এক মালী মৃত ময়ূরটি প্রথম দেখতে পান। সেখানেই পাখিটি মুক্তভাবে ঘোরাফেরা করতো। ঘটনাটি গড়ায় থানা পর্যন্ত। পুলিশের সুপারিন্টেনডেন্ট আরশাদকে খবর দেয়া হয়। সাময়িকভাবে বরখাস্ত পুলিশ সদস্যদের একজন জানালেন, আরশাদ ওই বাড়িতে নিযুক্ত পুলিশের ২১ জন কনস্টেবলকে ডেকে পাঠান। 

প্রথমদিকে আরশাদ বলেছিলেন, বিড়ালটি যখন ময়ূরটির ওপর হামলা চালায়, সে সময় পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনে সেখানে উপস্থিত ছিলেন না। সেজন্য তাদের শাস্তি দেয়া হয়েছে। পরে তিনি বলেন, কনস্টেবলরা লনে দায়িত্ব পালন করলেও, ঘটনাটি তাদের দৃষ্টি এড়িয়ে যায়। 

প্রধানমন্ত্রীর ফার্ম হাউজে দায়িত্ব পালনরত ১৮ পুলিশ সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। কারণ, তারা ঘটনা ঘটার সময় লনে পাহারা দিচ্ছিলেন না। যে ৩ জন লনে ছিলেন, শাস্তিস্বরূপ তাদের সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেন আরশাদ।

No comments:

Post a Comment