আন্তর্জাতিক ডেস্ক-
অস্ট্রেলিয়ান স্যাটেলাইট চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু
দেখা গেছে। ওই বস্তু দুটি মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ হতে
পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির
প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেন, ‘দক্ষিণ ভারত মহাসাগরে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ অনুসন্ধানের
বিষয়ে নতুন ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে।
স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট
সম্ভাব্য দুটি বস্তুর তথ্য পেয়েছে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই অনুসন্ধান-সংশ্লিষ্ট দুটি বস্তু
চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।’
স্যাটেলাইট চিত্রে দেখতে পাওয়া ওই বস্তু দুটির অবস্থান নির্ণয়ে একটি
ওরিয়ন বিমান সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হয়েছে। আরও
তিনটি বিমান যাচ্ছে বলেও জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
টনি অ্যাবোট জানান, স্যাটেলাইট
চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখার বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার
প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে কথা বলেছেন তিনি।
মালয়েশীয়
প্রধানমন্ত্রীকে সতর্ক করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওই
বস্তুগুলোর অবস্থান চিহ্নিত করা খুবই কঠিন কাজ হবে। তা ছাড়া নিখোঁজ হওয়া এমএইচ৩৭০ ফ্লাইট
অনুসন্ধানের সঙ্গে ওই বস্তুগুলোর কোনো সংশ্লিষ্টতা নাও থাকতে পারে।
মালয়েশিয়ার
আহ্বানে দক্ষিণ ভারত মহাসাগরে বিমান অনুসন্ধানে নামে অস্ট্রেলিয়া।

No comments:
Post a Comment