Tuesday, March 18, 2014

বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান কর্মসূচি বি এন পির


দর্পণ ডেস্ক -

ভোট কেন্দ্র দখল, গুম ও গুপ্তহত্যার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেবে বিএনপি। বৃহস্পতিবার সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
আজ মঙ্গলবার রাজধানীর নয়া পল্টানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের তিনটি পর্বে বিএনপি ও শরিক দলের সমর্থিত প্রার্থীরা ক্ষমতাসীনদের তুলনায় সামান্য এগিয়ে আছেন। 


তিন পর্ব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জন। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন ১২১ উপজেলায়। প্রতি দফার নির্বাচনেই ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা বাড়ছে। 
প্রতিবারই ভোটের আগে বিএনপি ভোট জালিয়াতির ষড়যন্ত্র ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে। আর ভোটের পর তারা এনেছে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ।

অবশ্য নির্বাচন কমিশন বলছে, দলীয় দ্বন্দ্বে বিচ্ছিন্নভাবে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটলেও তিন দফায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। রিজভী বলেন, উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের সংখ্যা বৃদ্ধির জন্য তারা সহিংসতার পথ অবলম্বন করেছে। 
প্রশাসনের সমর্থনে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। জোর করে ফলাফল ছিনিয়ে নিতে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের অপকর্ম জায়েজ করতে এদের মুখপাত্রের ভূমিকা পালন করছে।
 
তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নিতে যশোরের মণিরামপুর এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার প্রতিবাদ শুনলে ক্ষুব্ধ হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী গুম-খুনের সঙ্গে জড়িত। সরকার যাকে প্রতিপক্ষ মনে করে তারই লাশ পাওয়া যায়।

No comments:

Post a Comment