বিনোদন ডেস্ক -
আত্মহত্যা করেছেন আমেরিকার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার-মডেল এবং সংগীত তারকা মিগ জ্যাগারের প্রেমিকা লরেন স্কট। সোমবার রাত ১০টার দিকে ম্যানহাটনের নিজ বাসায় তার মৃত্যু হয়। ৪৯ বছর বয়সী লরেন স্কটের মৃত্যু নিয়ে প্রথমে রহস্য ঘনীভূত হয়। পরবর্তীতে সব তথ্য-উপাত্ত ও তদন্তের মাধ্যমে এটি একটি আত্মহত্যা বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে লরেন স্কটের সম্পর্ক চলে আসছিলো জনপ্রিয় ব্যান্ড রোলিং স্টোনের প্রধান সদস্য মিক জ্যাগারের সঙ্গে। বেশ ভালভাবেই তাদের সম্পর্ক এগুচ্ছিলো। নিয়মিত তাদের দেখাও হতো। কিন্তু হঠাৎ করে কেন লরেন আত্মহত্যার পথ বেছে নিলেন সেটি এখনও পরিষ্কার হয়নি। বিষয়টি নিয়ে রহস্যও ঘনীভূত হচ্ছে। অনেকে ধারণা করছেন, মিক জ্যাগারের সঙ্গে সম্পর্ক নিয়ে কোন দ্বন্দ্ব তৈরির ফলেও আত্মহত্যা করতে পারেন লরেন। এদিকে প্রেমিকার মৃত্যুর পর বেশ ভেঙে পড়েছেন মিক জ্যাগার। কারও সঙ্গে তিনি দেখাও করছেন না। তবে যেহেতু পুলিশ জানিয়ে দিয়েছে এটি একটি আত্মহত্যা, তাই এই বিষয়ে আর তদন্ত এগুবে না, যদি না কেউ আবেদন করেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ডিজাইনার হিসেবে সারাবিশ্বেই সুনাম কুড়ান লরেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিলো একজন মডেল হিসেবে। মাত্র ১২ বছর বয়সে ৬ ফুট উচ্চতার অধিকারিণী হন তিনি। এরপর তার উচ্চতা গিয়ে দাঁড়ায় ৬ ফুট ৩ ইঞ্চিতে। শুধু মডেলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি লরেন। ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ শুরু করেন। পরবর্তীতে ফ্যাশন ডিজাইনার হিসেবেই বেশি পরিচিতি মেলে তার। এক সময় হলিউডের ছবির স্টাইলার ও ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি। ‘নাউ এ বিলিয়ন ডলার বিজনেস’ ছবির মধ্য দিয়ে তিনি হলিউডে পা রাখেন। এরপর নিয়মিতই এখানে কাজ করেছেন। ২০০৬ সালে তিনি নারীদের পোশাকের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। এ ব্র্যান্ডকে সহযোগিতা করে আসছেন হলিউডের শীর্ষ তারকা অ্যাঞ্জেলিনা জোলি, জুলিয়া রবার্টস ও মিশেল ওবামা। ব্যক্তিগত জীবনে ২০০১ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্ক চলে আসছিলো তার।

No comments:
Post a Comment