Tuesday, March 18, 2014

থাইল্যান্ডে তুলে নেয়া হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন


আন্তর্জাতিক ডেস্ক-

বুধবার জরুরী অবস্থা তুলে নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন জারি করা হবে বলে দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রীসভার এক বৈঠকে সিদ্ধান্তটি অনুমোদন করছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান প্যারাদোর্ন প্যাট্টানাথাবুর্ত্র রয়টার্সকে বলেন, “আন্দোলন স্তিমিত হয়ে আসায় জরুরী অবস্থা তুলে নেয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। আগামীকাল থেকে জরুরী অবস্থার পরিবর্তে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন চালু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।”

গত ২২ জানুয়ারি রাজধানী ব্যাংকক ও এর আশপাশের প্রদেশগুলোতে দুই মাসের জন্য জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার বলে বিশৃঙ্খলা দমনে ব্যাপক ক্ষমতা পেয়েছিল দেশটির সরকার।

সরকার বিরোধী আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সরকারের পদত্যাগ দাবী করছিল। নভেম্বর থেকে সরকার বিরোধী আন্দোলন শুরু করা আন্দোলনকারীদের অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী ইংলাকের স্বেচ্ছা নির্বাসনে থাকা ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ইশারায় সরকার পরিচালিত হচ্ছে।

তারা নির্বাচিত সরকারের পদত্যাগ দাবী করে অনির্বাচিত “পিপলস কাউন্সিল” এর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী করছিল।

আন্দোলনের চরম অবস্থায় ব্যাংককের প্রধান প্রধান সড়ক মোড়গুলো বন্ধ করে দিয়েছিল আন্দোলকারীরা। কিন্তু জরুরী অবস্থা ঘোষণার পর পুলিশি অভিযানের মুখে আন্দোলনে ভাটার টান শুরু হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্দোলকারীদের সংখ্যা অনেক কমে গেছে। এখন শহরের একটি কেন্দ্রিয় পার্ক শুধু আন্দোলনকারীদের দখলে আছে।

আন্দোলন শুরু হওয়ার পর থেকে সহিংসতায় ২৩ জন নিহত ও কয়েকশত মানুষ আহত হয়েছেন। ২০১০ সালের পর থেকে এটিই থাইল্যান্ডে সংঘটিত সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

No comments:

Post a Comment